Friday, April 10th, 2026, 9:15 pm

‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

 

‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে তারা সংসদ কক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে তিনি সরকারি দলের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ তোলেন এবং বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।”

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগও তোলেন বিরোধীদলীয় নেতা।

মূলত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা ভঙ্গ করে বিলটি পাস করা হয়েছে বলে দাবি করে বিরোধী দল। সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও বিলটি পাস হওয়ায় প্রতিবাদস্বরূপ তারা অধিবেশন থেকে বেরিয়ে যান।

বিলটি পাসের পর আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন ডা. শফিকুর রহমান। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

উল্লেখ্য, চলতি সংসদ অধিবেশনে এটি বিরোধী দলের চতুর্থ ওয়াকআউট। এর আগেও ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে তারা অধিবেশন বর্জন করেছিল।

এনএনবাংলা/