মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বিশ্বব্যাপী জ্বালানি সংকট অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সংকট মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্স (আইওসি)-এ দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক উত্তাল সময় অতিক্রম করছে। জ্বালানি সংকট এ অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও সমাজকে হুমকির মুখে ফেলছে। এমন পরিস্থিতিতে দেশগুলোর উচিত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, একে অপরের প্রয়োজন উপলব্ধি করা এবং সম্মিলিত সম্পদের যথাযথ স্বীকৃতি দেওয়া।’
বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার পুরো কাঠামো নতুন করে পর্যালোচনার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিনের প্রচলিত ধারণাগুলো পরিবর্তিত হচ্ছে। তাই সামাজিক-অর্থনৈতিকভাবে প্রান্তিক এবং পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে কীভাবে সর্বোত্তম সুরক্ষা দেওয়া যায়, উন্নয়নমূলক অর্জনগুলো কীভাবে সংরক্ষণ করা যায় এবং চলমান সংকটগুলো কীভাবে মোকাবিলা করা যায়— তা নিয়ে এখনই গভীরভাবে ভাবার সময় এসেছে।’
সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান “সুপার সোর্সিং হাব” গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এর লক্ষ্য হলো বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা। একই সঙ্গে জেলা ও উপকূলীয় অঞ্চলজুড়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক চাহিদার সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে।’
বাংলাদেশের ভবিষ্যৎ কল্যাণ, সমৃদ্ধি ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমান সময় প্রযুক্তিনির্ভর উন্নয়নের সময়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তরুণ ও উদ্যোক্তাদের আকাঙ্ক্ষা পূরণে সক্ষমতা ও সুযোগগুলো কাজে লাগানো প্রয়োজন। পাশাপাশি সব খাতে উদ্ভাবনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই)-কে নেতৃত্ব দেওয়ার বিষয়েও বিশেষ মনোযোগ দিতে হবে।’
এ সময় আন্তঃসীমান্ত সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে দীর্ঘদিন ধরে চলমান সহযোগিতামূলক পদক্ষেপগুলো পুনর্বিবেচনার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
আঘাত থেকে সেরে উঠছেন মোজতবা, মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ
বিদেশে জব্দ করা ইরানি সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র
২৪ ঘণ্টায় ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি