Saturday, April 11th, 2026, 3:08 pm

ক্ষমতার স্বাদ পেয়েই জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম

 

মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় আসা বিএনপি এক মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা করেছে— এমন মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর ভর করেই ক্ষমতায় এসেছে। কিন্তু ক্ষমতায় বসার এক মাসের মধ্যেই তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে।

তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এবং জনগণের প্রত্যাশার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তা তারা ভঙ্গ করেছে।

নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি কখনোই ভালো হয় না। শ্রমিকদের অধিকার এবং প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নের দাবিতে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তোলা হবে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ দেশের জাতীয় ইতিহাসে শ্রমিকরা বারবার রক্ত দিয়েছে ও জীবন উৎসর্গ করেছে। ১৯৪৭ সালের আজাদির লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, দেশের বিভিন্ন গণঅভ্যুত্থান— এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানেও যারা জীবন দিয়েছেন, তাদের অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ।

এনএনবাংলা/পিএইচ