কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি দরবার শরিফে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত শামীম নিজেকে ‘কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী’র অনুসারী হিসেবে পরিচয় দিতেন। সম্প্রতি তার বিরুদ্ধে পবিত্র কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। ধর্ম নিয়ে তার আপত্তিকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এর ধারাবাহিকতায় শনিবার বেলা একটার দিকে শতাধিক মানুষ দক্ষিণ-পশ্চিম ফিলিপনগরে অবস্থিত শামীমের দরবার শরিফ ঘেরাও করে। একপর্যায়ে তারা হামলা চালিয়ে দরবারের একাধিক কক্ষে ভাঙচুর ও আগুন দেয়। এ সময় ভেতরে থাকা শামীম ও তার দুই অনুসারী গণপিটুনির শিকার হন।
পরে বেলা ৩টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ২০ মিনিটের দিকে শামীমের মৃত্যু হয়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, আহত তিনজনকে বেলা ৩টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শামীমের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘শামীম দীর্ঘদিন ধরে নানা বিতর্কিত কাজ করছিলেন। তবে এবার পবিত্র কোরআন নিয়ে মন্তব্য করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।’
আরেক স্থানীয় বাসিন্দা মো. আসলাম হোসেন বলেন, ‘গত ৫-৬ বছর ধরে তার কর্মকাণ্ডে আমরা বিরক্ত ছিলাম। তার অস্বাভাবিক কর্মকাণ্ড নিয়ে আগেও প্রতিবাদ হয়েছিল।’
নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, শামীম কয়েক বছর ধরে ওই দরবার পরিচালনা করছিলেন এবং তার কর্মকাণ্ডে এলাকার অনেকেই অসন্তুষ্ট ছিলেন। তবে কারা হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
পুলিশ জানায়, বিকাল ৫টা পর্যন্ত কয়েকশ’ মানুষ দরবার শরিফ এলাকা ঘিরে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০
ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস