Sunday, April 12th, 2026, 4:54 pm

হাম প্রতিরোধে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা নিশ্চিতের আহ্বান

 

হামের (মিজেলস) মারাত্মক ঝুঁকি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১২ এপ্রিল) নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী জানান, গত ৫ তারিখ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে এটি আরও বিস্তৃত করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনে যদি সফলভাবে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা যায়, তাহলে হামের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, তারা দক্ষ ও অভিজ্ঞ, তাই প্রতিটি এলাকায়, বিশেষ করে প্রতিটি গলিতে গিয়ে এই কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে। কোনো শিশুই যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে কঠোর নজর দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টাতেই হামের বিস্তার রোধ করা সম্ভব।

হামের পাশাপাশি আসন্ন ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক করেন মন্ত্রী। তিনি বলেন, সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শুধু স্প্রে করলেই হবে না, বরং ওষুধের গুণগত মান ও সঠিক মিশ্রণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জনগণকে সচেতন হতে হবে—বাড়ির আশপাশে, টায়ার বা ডাবের খোসায় যেন পানি জমে না থাকে। এ কাজে পরিবার, বিশেষ করে নারীদেরও সম্পৃক্ত হতে হবে। একক প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

সরকারপ্রধানের কর্মতৎপরতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই পরিশ্রমকে সফল করতে স্বাস্থ্য খাতের প্রতিটি উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে তিনি সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ