Sunday, April 12th, 2026, 8:37 pm

হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি ট্রাম্পের

 

নীরবতা ভেঙে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজ অবরোধ করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইসলামাবাদের বৈঠকটি ভালো হলেও ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ছাড় দিতে রাজি হয়নি। ফলে আলোচনা অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।

তিনি আরও বলেন, “হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধের প্রক্রিয়া শুরু করবে মার্কিন নেভি। এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হবে।”

এদিকে ট্রাম্পের এই হুমকির কয়েক ঘণ্টা আগে ইরানের ডেপুটি স্পিকার ঘোষণা দেন, হরমুজ প্রণালি এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে এবং এ পথে চলাচলের জন্য জাহাজগুলোকে ইরানি মুদ্রায় টোল দিতে হবে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বৈশ্বিক জ্বালানির বাজারে ইতোমধ্যে বড় ধরনের প্রভাব ফেলেছে।

এর মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সমুদ্রপথ মাইনমুক্ত করার অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ওই এলাকায় এমন কোনো মার্কিন নৌযান প্রবেশ করেনি।

অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে জানিয়েছে, কোনো সামরিক জাহাজ যদি হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হরমুজ প্রণালিতে টোল আরোপের ইরানি পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও)-এর মহাসচিব আরসেনিও ডমিঙ্গুয়েজ। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ বৈশ্বিক শিপিং ব্যবস্থার জন্য ক্ষতিকর নজির তৈরি করবে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই টোল পরিকল্পনা প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

এনএনবাংলা/