বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিরাপত্তা ঝুঁকির কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সম্ভাব্য যেকোনো নাশকতামূলক হামলা মোকাবিলায় র্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে দেশব্যাপী নববর্ষ উদযাপন ঘিরে র্যাবের গৃহীত বিভিন্ন নিরাপত্তা পদক্ষেপ সম্পর্কেও তিনি বিস্তারিত তুলে ধরেন।
র্যাবের মহাপরিচালক জানান, উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিশ্চিত করতে সারাদেশে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় র্যাব সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদারে ১৮১টি পিকআপ পেট্রোল টিম ও ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ মোট ৩০৮টি টহল টিম মাঠে কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল—শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ, বাংলা একাডেমি ও রমনা বটমূলসহ বিভিন্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানে চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতোমধ্যে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া সারাদেশে কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে।
র্যাবের ডিজি বলেন, গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার তথ্য পাওয়া যায়নি। তবে গুজব, উস্কানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে যেন কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, নববর্ষের অনুষ্ঠানস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, কোনো সন্দেহজনক তথ্য বা নিরাপত্তা ঝুঁকি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে কোনো ধরনের হুমকি অনুভূত হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, আগের বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক
ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের
আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির