Monday, April 13th, 2026, 6:53 pm

সৌদি আরবে নিহত ডাসারের শ্রমিকের লাশের অপেক্ষায় পরিবার!

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

সৌদি আরবে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুরের ডাসারের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. সোবহান খান ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে পশ্চিম মাইজপাড়া গ্রামের বাসিন্দা। আজ সোমবার সকালে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভ্যানচালক সোবহান খান সংসারের হাল ধরতে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে ২০২৫ সালের ১৯ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমান। তবে সেখানে গিয়ে প্রথম কয়েক মাস কোনো কাজ না পাওয়ায় পরিবারে টাকা পাঠাতে পারেননি। প্রায় দুই মাস আগে একটি নির্মাণকাজে যোগ দিলেও ততদিনে ঋণের চাপ আরও বেড়ে যায়। কিছুদিন পূর্ব্ কাজ করার সময় একটি বহুতল ভবনের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন সোবহান খান। তাৎক্ষণিকভাবে তাকে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর পরিবার দ্রুত সোবহানের লাশের জন্য অপেক্ষায় প্রহর গুনছে। কখন দেশে আসবে তার লাশ। এমন প্রশ্নই করতেই বার বার মুর্ছা যাচ্ছে নিহতের স্ত্রী মরিয়ম বেগম। নিহতের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘ঋণ করে স্বামীকে বিদেশে পাঠিয়েছিলাম ভালো কিছুর আশায়। কিন্তু তিনি কোনো টাকা পাঠাতে পারেননি। এখন ৬ সন্তান নিয়ে আমি কীভাবে চলবো, কিছুই বুঝতে পারছি না। তিনি আরও বলেন, ‘চরম আর্থিক সংকটের কারণে তার মরদেহ দেশে আনার সামর্থ নেই। তাই সরকারের সহযোগিতা প্রয়োজন। নিহতের মরদেহ দেশে ফেরত আনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন নিহতের স্ত্রী। আবেদনপত্রের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, মরদেহ আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।