ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান।
তিনি জানান, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মনির হোসেন।
তিনি আরও বলেন, আসনটি শূন্য হওয়ার পর সব দল ও জোটের জন্য তা উন্মুক্ত করা হবে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
সেদিন মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
জানা যায়, ২০২৫ সালের মার্চ মাসে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান মনিরা শারমিন। এর আগে তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং দুই বছর চাকরি করার পর গত ডিসেম্বর মাসে পদত্যাগ করেন।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি প্রজাতন্ত্র বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের চাকরি থেকে পদত্যাগ বা অবসর নেওয়ার পর তিন বছর অতিবাহিত না হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হন।
তফসিল অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আপিল নিষ্পত্তি শেষে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে আগামী ১২ মে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
এশিয়ার জলসীমায় ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
এপ্রিল মাসেই বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার