মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে উল্টোপথে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা সেতু অতিক্রমের চেষ্টাকালে নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে পদ্মায় ঝাঁপ দেন রিকশাচালক। এতে নিখোঁজ হন ওই চালক।
রবিবার (১৮ জুন) রাত ১টা ৫০ মিনিটে ২১ নম্বর খুঁটি থেকে পদ্মায় ঝাপ দিয়ে চালক নিখোঁজের ঘটনাটি ঘটে।
অজ্ঞাত অটোরিকশাচালক নদীতে ঝাঁপ দেয়ার আগে সেতুতে দাঁড়িয়ে থাকা বিকল একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে।
এদিকে চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে রিকশাটি জব্দ করে পদ্মা উত্তর থানায় রাখা হয়েছে। এদিকে তার সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড নদীতে অভিযান চালাচ্ছে।
জানা যায়, সেতুতে রিকশা প্রবেশ করার বিষয়টি হঠাৎ সেতুর নিরাপত্তাকর্মীদের নজরে এলে অটোচালকের দিকে এগিয়ে যান তারা। তাদের দেখে চালক দ্রুত অটোরিকশাটি চালাতে শুরু করেন।
একপর্যায়ে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি। পরে নিরাপত্তাকর্মীরা কাছাকাছি চলে এলে ভয়ে পদ্মা সেতুর ২১ নম্বর পিলার বরাবর পদ্মা নদীতে ঝাঁপ দেন তিনি।
এ ঘটনার পর থেকেই অটোচালক নিখোঁজ রয়েছেন। ঢাকা থেকে সকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, রাতে সোহেল নামক পদ্মা সেতুর নিরাপত্তাকর্মী আমাদের কল করে এই তথ্য দেন।
তিনি আরও জানান, পরে আমরা ঘটনাস্থলে যাই। সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
—-ইউএনবি


আরও পড়ুন
ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী
জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে: জ্বালানিমন্ত্রী
এসএমই ও স্টার্টআপ বিপ্লবঃ এফবিসিসিআই-ই হবে প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন