দুর্নীতির মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুদকের করা আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এই আদেশ প্রদান করেন।
এ তথ্য নিশ্চিত করেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহার রুমি।
দুদকের পক্ষ থেকে মামলার তদন্ত কর্মকর্তা ও সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সরকার আয়কর নথি জব্দ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, সরকারি দায়িত্ব পালনের সময় অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ডা. এনামুর রহমান জ্ঞাত আয় ব্যতিরেকে ৬ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৭৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তা নিজের দখলে রেখেছেন।
এছাড়া তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবে মোট ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার ১৮ টাকা সন্দেহজনক জমা এবং ৬ কোটি ২৬ লাখ ৮ হাজার ৪৮৭ টাকা সন্দেহজনক উত্তোলনের তথ্য পাওয়া গেছে। যার মোট অঙ্ক ১২ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৫০৫ টাকা। এসব লেনদেন অর্থপাচারের মাধ্যমে অবৈধ আয়ের উৎস গোপন করার অপরাধের সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদক আরও জানায়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য এনামুর রহমানের শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরি, যেগুলো বর্তমানে ঢাকার কর অঞ্চল-১০ এ সংরক্ষিত রয়েছে। তদন্তের প্রয়োজনে এসব নথি জব্দে আদালতের অনুমতি চেয়েই দুদক আবেদন করে।
এনএনবাংলা/


আরও পড়ুন
খামেনির পর এবার মারা গেলেন তাঁর স্ত্রী মানসুরেহ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার স্ত্রীসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে নিহত অন্তত ২৫