দেশে চাঁদাবাজিকে একটি “চলমান পেশা” হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনশাআল্লাহ, আমরা কারো মায়ের সন্তানকেও চাঁদাবাজি করতে দেব না।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা–৪ ও ঢাকা–৫ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশে এখন নতুন একটি পেশা ভালোভাবে চলছে। আপনারা কি বলতে পারবেন, সেই পেশার নাম কী?—চাঁদাবাজি।”
জনসভায় উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আপনারা কি কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ কি চাঁদাবাজের স্ত্রী, মা কিংবা বোন হতে রাজি আছেন?”—এ সময় জনতা সমস্বরে ‘না’ বলে সাড়া দেয়।
তিনি আরও বলেন, “আজকের এই জনসভা থেকে যারা এই পেশার সঙ্গে জড়িত, তাদের অনুরোধ করবো—ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেব, ইনশাআল্লাহ।”
তবে সতর্ক করে দিয়ে জামায়াত আমির বলেন, “যদি এই পথ পরিত্যাগ না করা হয়, তাহলে আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি—আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড। চাঁদা আদায় করার প্রশ্নই আমাদের ক্ষেত্রে আসে না। আমরা চাঁদাকে ঘৃণা করি। এটি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট।”
তিনি পুনরায় দৃঢ় কণ্ঠে বলেন, “ইনশাআল্লাহ, আমরা কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম পরিষ্কার। এখানে কোনো রাগারাগি নেই।”
বক্তব্যের শেষভাগে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কখনো বলিনি জামায়াতে ইসলামীর বিজয় চাই। আমরা চাই জনগণের বিজয়। জনগণের বিজয়ই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ। সেই বিজয়টাই আমরা প্রত্যাশা করি।”
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছবে, হুঁশিয়ারি ইরানের
রাষ্ট্রপতির অপসারণ-বিএনপি এমপিরা সংস্কার পরিষদে শপথ নেবে, আশা নাহিদের
ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী