তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। বুধবার পারস্য উপসাগরে অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে আরও তিনটি জাহাজে হামলার ঘটনার পর তেহরান বিশ্বকে এমন সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে বলেছে।
মঙ্গলবার পেন্টাগন তাদের পরিচালিত হামলাকে এ পর্যন্ত ‘সবচেয়ে তীব্র’ বলে উল্লেখ করলেও, বুধবার পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মাধ্যমে তারা দেখাতে চেয়েছে যে, এখনো পাল্টা আঘাত হানা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটানোর সক্ষমতা তাদের রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম দ্রুত বাড়লেও পরে কিছুটা কমে বর্তমানে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি স্থিতিশীল হয়েছে। অনেক বিনিয়োগকারী আশা করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরায়েল দুই সপ্তাহ আগে শুরু হওয়া এই সংঘাতের দ্রুত কোনো সমাধানের পথ খুঁজে পাবেন।
তবে বাস্তবে যুদ্ধ পরিস্থিতিতে এখনো তেমন কোনো উন্নতির ইঙ্গিত নেই। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, কিন্তু বর্তমানে এই গুরুত্বপূর্ণ পথ কার্যত অবরুদ্ধ। ১৯৭০ সালের তেল সংকটের পর এটি জ্বালানি সরবরাহ ব্যবস্থার সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।
ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, “তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকুন। কারণ এই দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভরশীল—আর সেই নিরাপত্তা আপনারাই নষ্ট করেছেন।”
এদিকে উপসাগরীয় এলাকায় প্রজেক্টাইলের আঘাতে থাইল্যান্ড, জাপান ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী তিনটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৪টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে।
পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের কৌশলগত মজুত থেকে রেকর্ড পরিমাণ—প্রায় ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সুপারিশ করতে পারে।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান নির্দিষ্ট কোনো সময়সীমা ছাড়াই চলবে।
মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির সীমান্তের বাইরে শক্তি প্রদর্শনের সক্ষমতা শেষ করে দেওয়া।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ওয়াশিংটনে গুলিবর্ষণের সঙ্গে ইরান জড়িত নয়: ট্রাম্প
সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের
সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট