জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘তারা দেশকে আবার ভিন্নভাবে স্বৈরাচারের দিকে নিয়ে যেতে চায় কি না—সেই বিষয়টি আমাদের গভীরভাবে ভাবতে হবে। তাদের অতীত ইতিহাস সম্পর্কে সবাই অবগত। দেশবাসী সচেতনভাবেই তাদের প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, সেভাবেই আমাদের কাজ করতে হবে।’
জামায়াত আমিরের বক্তব্যকে বিভেদ সৃষ্টির চেষ্টা ও ধোঁয়াশা তৈরির অপপ্রয়াস বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। জনগণ ও বিশ্ববাসীর কাছে এই নির্বাচন স্বীকৃতি পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এমন স্বচ্ছ প্রক্রিয়া নিয়ে জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং সুস্থ চিন্তার পরিপন্থী।’
মির্জা ফখরুল আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের এই বক্তব্য বিএনপি শুধু প্রত্যাখ্যানই করছে না, বরং এর তীব্র নিন্দাও জানাচ্ছে। তিনি বলেন, ‘৫ আগস্টের পর আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ পেয়েছি, একটি বিশেষ পক্ষ বারবার বিভ্রান্তি ছড়িয়ে সেই সুযোগ নষ্ট করার চেষ্টা করছে। তারা দেশকে আবারও স্বৈরাচারের দিকে ঠেলে দিতে চায় কি না—তা দেশবাসীকে ভেবে দেখতে হবে।’
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু
হকারদের জন্য ৬ মাঠে অস্থায়ী মার্কেট গড়ার পরিকল্পনা ডিএনসিসির
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা: দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ