February 14, 2026
Saturday, February 14th, 2026, 5:45 pm

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আসন্ন শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক শীর্ষ নেতা।

ভারতীয় সংবাদমাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, শপথ অনুষ্ঠানে আঞ্চলিক নেতাদের আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এবং সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রীও রয়েছেন।

অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটে বিএনপির এ উদ্যোগকে সম্পর্কের নতুন উষ্ণতার বার্তা হিসেবে দেখা হচ্ছে। হুমায়ুন কবির বলেন, এই অঞ্চল বিএনপির পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তারেক রহমানের কূটনৈতিক দৃষ্টিভঙ্গির অন্যতম লক্ষ্য হচ্ছে আঞ্চলিক সহযোগিতাকে শক্তিশালী করা এবং অঞ্চলটিকে আরও প্রভাবশালী অবস্থানে নিয়ে যাওয়া।

তিনি জানান, সময়সীমা কম হলেও সদিচ্ছার কোনো ঘাটতি নেই। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোকে তিনি সুসম্পর্ক গড়ে তোলার এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তার ভাষায়, কাউকে আমন্ত্রণ জানানো মানেই তার উপস্থিতি কামনা করা—এটি মূলত সদিচ্ছারই বহিঃপ্রকাশ।

নতুন সরকারের কূটনৈতিক লক্ষ্য সম্পর্কে হুমায়ুন কবির বলেন, তারা আঞ্চলিক সহযোগিতায় একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করতে চান। বহুপাক্ষিক প্ল্যাটফর্মগুলোকে কার্যকরভাবে কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে সার্ক ও বিমসটেক – কে আঞ্চলিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে তুলে ধরেন।

এদিকে, নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর আন্তর্জাতিক মহল থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি বড় ধরনের পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এ বিজয়কে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

তবে দ্বিপাক্ষিক সম্পর্কে ‘নতুন সূচনা’র ইঙ্গিতের পাশাপাশি ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়েও উদ্বেগের কথা উল্লেখ করেন হুমায়ুন কবির।

আগামী কয়েক দিনের মধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। প্রায় দুই দশক নির্বাসনে থাকার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

এনএনবাংলা/পিএইচ