সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর প্রধান নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সাপাহারে অবস্থিত অধ্যক্ষ মাহবুবুল আলমের নির্বাচনী কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং পরস্পরের সাথে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমরা সবাই এই মাটির সন্তান। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমি দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ নওগাঁ-১ আসন গড়তে চাই।”
এসময় অধ্যক্ষ মাহবুবুল আলম নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনকল্যাণমূলক কাজে সব ধরনের গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণসহ দুই দলের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের পর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহল। স্থানীয়দের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনস্বার্থে এমন সৌজন্যবোধ সুস্থ রাজনীতির পরিচয় বহন করে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এটিই দুই প্রার্থীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।

আরও পড়ুন
রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিজয়ী
শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ৫৫ বছর পর বিএনপির প্রার্থীর বিশাল জয়