আগামী ১-২১ মার্চ এএফসি নারী এশিয়ান কাপ (AFC Women’s Asian Cup) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। এশিয়ার সর্বোচ্চ এই আসরে অংশ নিতে ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। ২৭ ফেব্রুয়ারি থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টিম হোটেলে উঠানোর কথা রয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এর আগে ছয় দিন নিজস্ব ব্যবস্থাপনায় সিডনির ভ্যালেন্টাইন পার্কে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। রাত সাড়ে বারোটার দিকে দলটি ভ্যালেন্টাইন পার্কে পৌঁছে বিশ্রামে যায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ ভ্রমণ শেষে দলের সব খেলোয়াড় সুস্থ রয়েছেন। শনিবার অস্ট্রেলিয়া সময় সকাল ৯টায় অনুশীলনে নামার কথা রয়েছে তাদের।
প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাওয়া বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ৩ মার্চ সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে টুর্নামেন্টের নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এরপর ৬ মার্চ দ্বিতীয় ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দলটি।
এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে এই টুর্নামেন্টে অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এনএনবাংলা/


আরও পড়ুন
অর্ধশতাব্দী পর আগামী ৬ মার্চ আবারও চাঁদে যাচ্ছে মানুষ
ইফতারে মিষ্টি খাওয়ার তীব্র ইচ্ছা নিয়ন্ত্রণ করবেন যেভাবে
লেবাননে ইসরাইলি বিমান ও ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২