February 21, 2026
Saturday, February 21st, 2026, 2:32 pm

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিটিভিতে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি, শনিবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিনের সূচনায় ভোর ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি দুপুর ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৪ দিনব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধনও থাকবে সরাসরি সম্প্রচারে।

এছাড়া শিশু-কিশোরদের জন্য সকাল ১০টায় রয়েছে ভাষা আন্দোলনভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান ও ১১ টা ০৫ মিনিটে ছড়া গানের অনুষ্ঠান। ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য ও সাংস্কৃতিক প্রভাব তুলে ধরে ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। দুপুর ১২টায় রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপর বিশেষ অনুষ্ঠান।

সংগীতানুষ্ঠানে অমর একুশের চেতনাকে ধারণ করে দুপুর সাড়ে ১২টায় পরিবেশিত হবে সংগীতানুষ্ঠান ‘ভাষার গান’। পিয়াল হাসানের সংগীত পরিচালনায় এখানে গান পরিবেশন করবেন পিয়াল হাসান, সুলতানা চৌধুরী, সাব্বির, স্মরণ, শবনম প্রিয়াংকা, হুমায়রা বশির, স্বরলিপি, স্বীকৃতি, লাবণী ও অনন্যা আচার্য।

‘একুশ মানে মাথা নত না করা’ প্রচারিত হবে দুপুর আড়াইটায়। ৩টা ১০ মিনিটে প্রচারিত হবে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় রয়েছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় ‘কথা সাহিত্যে অমর একুশে’ শীর্ষক বিশেষ আয়োজনে ভাষা আন্দোলনভিত্তিক গল্প, প্রবন্ধ ও স্মৃতিচারণ তুলে ধরা হবে।

ভাষা শহিদদের আত্মত্যাগ ও ইতিহাসের পটভূমিতে নির্মিত নাটক ‘সিদ্ধান্ত’ প্রচারিত হবে রাত ৯টায়। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন- মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাত, তাবেদার ই রসুল চান্নু, এথেনা অধিকারী, জান্নাত-ই ফেরদৌসী তারা, কবির টুটুল, আরাফাত, আয়েশা, মৌসুমী ইকবাল, মাসুদ ও ইসমাইল হোসেন।

এছাড়াও রাত ১০ টায় প্রচারিত হবে ভাষা আন্দোলনের অমর শহিদদের আত্মত্যাগ, সংগ্রাম ও চেতনার আলোয় নির্মিত ‘আলেখ্যানুষ্ঠান’। এ আয়োজন স্মরণ করাবে আমাদের গৌরবময় ইতিহাস এবং মাতৃভাষা বাংলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। পাশাপাশি রাত ১১টায় থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান।

এনএনবাংলা/