Sunday, March 1st, 2026, 4:39 pm

‘ভারতীয় হাইকমিশনারকে বলেছি, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়’

 

সীমান্তে হতাহতের ঘটনা যেন আর না ঘটে—এ বিষয়টি ঢাকায় নিযুক্ত প্রণয় কুমার ভার্মা-কে বিশেষভাবে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষায়, “ভারতীয় হাইকমিশনারকে স্পষ্টভাবে বলা হয়েছে, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়।”

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে সৌজন্য সাক্ষাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের হাইকমিশনার।

বৈঠকের আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়েছে। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠক চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ধরনের ঘটনা যতটা সম্ভব এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন—তারাও এ বিষয়ে আন্তরিক। সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, গত এক থেকে দেড় বছরে ভারতের কনসুলেট ও ভিসা অফিসগুলো হামলার শিকার হওয়ায় তারা পূর্ণমাত্রায় কার্যক্রম চালু করতে পারেনি। তবে ধাপে ধাপে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে বলে ভারতীয় পক্ষ নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সৌজন্য সাক্ষাৎ বিনিময় কূটনৈতিক রীতির অংশ। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, লেনদেন ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। এসব বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

ব্যবসা-বাণিজ্যসহ কূটনৈতিক সব ক্ষেত্রে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বভৌম সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বাংলাদেশ আশা করে।

এনএনবাংলা/পিএইচ