বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-তে হঠাৎ নেতৃত্ব পরিবর্তন হলেও তা বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার ভাষায়, “জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না।”
নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চলাকালে কয়েকবার দলের সঙ্গে দেখা গেছে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। একই সময়ে নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে ক্রিকেটার ও কোচিং স্টাফদের। খুব অল্প সময়ের মধ্যেই বিসিবির শীর্ষ পদে এই পরিবর্তন ঘটে।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে হঠাৎ বরখাস্ত করা হয় তৎকালীন কোচ চান্দিকা হাথুরুসিংহেকে। এরপর দ্রুত দায়িত্ব নেন ফিল সিমন্স। তখন বিসিবির সভাপতি ছিলেন ফারুক আহমেদ।
পরবর্তীতে ফারুক আহমেদ দায়িত্ব ছাড়েন মে মাসে। তার স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল, তবে তিনি এক বছরও দায়িত্বে থাকতে পারেননি। সর্বশেষ ৭ এপ্রিল বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন তামিম ইকবাল।
এই ধারাবাহিক পরিবর্তনের মাঝেই চলছিল বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বোর্ডের এই অস্থিরতা ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব ফেলেছে কি না।
এ প্রসঙ্গে মিরপুরে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “আমাদের অনুশীলন বা ক্যাম্পে এসব পরিবর্তনের কোনো প্রভাব পড়েনি। পরিকল্পনা অনুযায়ী সবকিছু শেষ হয়েছে। ক্রিকেটাররা আগের মতোই কঠোর পরিশ্রম করেছে, কেউ কেউ আরও বেশি করেছে।”
ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডার তার জীবন দর্শনের কথা বলতে গিয়ে জানান, “জীবনে অনেক কিছু দেখেছি, তাই এখন আর কিছুতেই অবাক হই না। সবকিছুই দিনভিত্তিক ঘটে—এটাই বাস্তবতা।”
নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে ইতোমধ্যে একাধিকবার দেখা হয়েছে বলেও জানান তিনি। তবে বোর্ডের পরিবর্তন কোচিং স্টাফের কাজে কোনো প্রভাব ফেলেনি বলে স্পষ্ট করেন সিমন্স।
“সভাপতি তো প্রধান কোচ হয়ে আসছেন না। তাই আমি আমার কাজই করে যাচ্ছি। আমরা যেভাবে দলকে প্রস্তুত করছি, সেখানে কোনো পরিবর্তন আসেনি,”—যোগ করেন তিনি।
সবশেষে সিমন্স বলেন, দলকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে, সেটি বাস্তবায়নের কাজ অব্যাহত থাকবে এবং বোর্ডের পরিবর্তন সেই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায়নি।
এনএনবাংলা/


আরও পড়ুন
সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬,৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ