Wednesday, April 15th, 2026, 2:43 pm

ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

 

সড়কের ফুটপাত যেন ব্যবহার অনুপযোগী হয়ে না পড়ে, সে লক্ষ্যেই ফুটপাতের ব্যবসায়ীদের তালিকাভুক্ত করে সরকার তাদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) এলাকার সামনের ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নেওয়া পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, ঢাকা মহানগরের নাগরিকরা তখনই সব ধরনের সেবা পুরোপুরি উপভোগ করতে পারবেন, যখন জনগণ ও সিটি করপোরেশন সমানভাবে দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সিটি করপোরেশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক, এমনকি ফুটপাতে ব্যবসা করলেও তা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে।

ঢামেকের সামনের ফুটপাত ইতোমধ্যে দখলমুক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই অবস্থা ধরে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। অল্প জায়গায় অতিরিক্ত দোকান বসানো ঠেকাতে হকারদের নির্দিষ্ট স্থান নির্ধারণ করে একটি গাইডলাইন দেওয়া হবে। এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপ পরিচালনা করে শৃঙ্খলা আনতে কাজ শুরু করবে বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, রাজধানীকে পরিষ্কার রাখতে হলে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং রাজপথে ময়লা না ফেলার বিষয়ে সবাইকে শপথ নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রের মুখমণ্ডল হিসেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ শুরুর আগেই সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

এনএনবাংলা/পিএইচ