চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণের আভাস দেখা গিয়েছে। সাবেক মেয়র মঞ্জুর আলম এনসিপির সমর্থনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী—এমন দাবি করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। বিষয়টি সামনে আসে যখন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মঞ্জুর আলমের বাসায় সাক্ষাৎ করতে যান। এ সময় বাসার সামনে একদল যুবক নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে উপস্থিত হয়ে নানা প্রশ্ন করেন—যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
আবু বাকের মজুমদার তার পোস্টে বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছেন মঞ্জুর আলম। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন অনেকেই সাম্প্রতিক অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, “মঞ্জু বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলের সঙ্গেই রাজনীতি করেছেন। ৫ আগস্টের পর বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।”
বাকেরের অভিযোগ, হাসনাত আব্দুল্লাহর এই সাক্ষাতের সময় বিএনপির একটি পক্ষ সেখানে গিয়ে ‘মব’ তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করে। তার ভাষ্য অনুযায়ী, মঞ্জুর আলমের এনসিপির সমর্থনে নির্বাচন করার সম্ভাবনাই এই প্রতিক্রিয়ার কারণ।
তিনি আরও বলেন, “বিএনপি যেখানে অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত, সেখানে এনসিপির শক্তিশালী প্রার্থী তাদের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের কারণ হতে পারে।” পাশাপাশি ‘মব কালচার’ পরিহার করে রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।
এছাড়া কিছু গণমাধ্যমের সমালোচনা করে আবু বাকের মজুমদার সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।
এনএনবাংলা/


আরও পড়ুন
ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬,৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ
সৌদি-কাতার-তুরস্ক সফরে শেহবাজ শরিফ