Wednesday, April 15th, 2026, 4:34 pm

প্রিন্সেস রোজি হয়ে আন্তর্জাতিক মঞ্চে ভাবনা

 

বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার মঞ্চ ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক বিনোদনের দিকে ঝুঁকে পড়ার বাস্তব অভিজ্ঞতা থেকে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এই চলচ্চিত্রে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নির্মাতা আসিফ ইসলাম পরিচালিত এই সিনেমাটি এবার জায়গা করে নিয়েছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৮তম আসরের আর্টকোর বিভাগে। আন্তর্জাতিক এই স্বীকৃতি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা।

পরিচালক আসিফ ইসলাম বলেন, এই অর্জন তার জন্য গর্বের এবং তিনি এই যাত্রা সবার সঙ্গে ভাগ করে নিতে চান।

অন্যদিকে, ‘প্রিন্সেস রোজি’ চরিত্রটি নিজের ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং অভিজ্ঞতা বলে জানিয়েছেন ভাবনা। চরিত্রের প্রয়োজনে তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছে এবং যাত্রাশিল্পীদের মতো নাচ ও অভিনয়ের বিশেষ ভঙ্গিও আয়ত্ত করতে হয়েছে।

ভাবনা বলেন, “এই চরিত্রটি করতে গিয়ে আমার শারীরিক ও মানসিক দুই দিকেই পরিবর্তন এসেছে। আমি চরিত্রটিকে ভালোবেসে ফেলেছি।”

মস্কোর মতো মর্যাদাপূর্ণ মঞ্চে নিজের কাজ প্রদর্শনের সুযোগ পাওয়াকে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার একটি বড় অর্জন হিসেবেও উল্লেখ করেন।

চলচ্চিত্রটির গল্পে তুলে ধরা হয়েছে যাত্রাপালার ক্রমাবনতি এবং দর্শকের চাহিদার পরিবর্তন। এতে দেখা যায়, ‘প্রিন্সেস’ নামে এক নৃত্যশিল্পী কীভাবে মঞ্চের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং সমাজের বিনোদন রুচির পরিবর্তন কীভাবে শিল্পকে প্রভাবিত করে।

নির্মাতা জানান, শৈশব থেকেই যাত্রার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল, যা এই চলচ্চিত্র নির্মাণে তাকে অনুপ্রাণিত করেছে। ফরিদপুরের গোবিন্দপুরে যাত্রার সেট নির্মাণ করে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়, যেখানে অধিকাংশ অভিনয়শিল্পী ছিলেন প্রকৃত যাত্রাশিল্পী।

উল্লেখ্য, আসিফ ইসলামের আগের চলচ্চিত্র নির্বাণ ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করেছিল। এবার নতুন সিনেমা নিয়ে আবারও সেই আন্তর্জাতিক মঞ্চে ফিরছেন তিনি।

এনএনবাংলা/