ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ এক সহযোগী। রোববার (১ মার্চ) বার্তাসংস্থা আনাদোলু-কে দেওয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এর আগে শনিবার ইরানজুড়ে আকস্মিকভাবে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়।
এ ঘটনার পরপরই গুঞ্জন ওঠে যে, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হয়েছেন। তবে তার উপদেষ্টা এ তথ্য নাকচ করে জানান, “আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে আছি। তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, গতকাল আহমাদিনেজাদের নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হন। নিহতরা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি)-এর সদস্য ছিলেন।
তিনি বলেন, হামলার লক্ষ্যবস্তু হওয়া ভবন থেকে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত। তবে সেটি হামলার লক্ষ্য ছিল না এবং ভবনটি সম্পূর্ণ অক্ষত রয়েছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সবচেয়ে বড় তেল শোধনাগার ‘রাস তানুরা’ বন্ধ করলো সৌদি আরব
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
সংসদ অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণে বিরত রাখতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি