Monday, March 2nd, 2026, 4:21 pm

বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত, আহত ২

 

বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আবুল মহসিন তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ এলাকার বাসিন্দা।

এই ঘটনায় আরও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত অবস্থায় হামলার শিকার হন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার নিহতের তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন রোববার সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও একজন বাংলাদেশিসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকালে রাজধানী মানামার কাছে একটি সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল মহসিন তারেক।

তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন।

নিহতের ফুফাতো ভাই, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক মোশারফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, রোববার সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ তিনজন নিহত হন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ৫৮ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রিয়া, লেবানন ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছেন। অধিকাংশ আহতের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করেছে ইরান।

এনএনবাংলা/