মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সংকটের জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাতায়াতকারী প্রবাসীরা ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত মোট ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৩ মার্চ) একদিনেই বাতিল হয়েছে ৩৮টি ফ্লাইট।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—
QR (কাতার) ৪টি, EK (এমিরেটস) ৪টি, GF (গালফ এয়ার, বাহরাইন) ৪টি, FZ (ফ্লাইদুবাই) ৪টি, KU (কুয়েত) ২টি, J9 (জাজিরা, কুয়েত) ৪টি, G9 (এয়ার অ্যারাবিয়া, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১২টি এবং BS (ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশ) ৪টি ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। সর্বশেষ মঙ্গলবার আরও ৩৮টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭-এ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চলমান এই সংঘাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
ঢাকা পলিটেকনিকে মধ্যরাতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, দিনে বিক্ষোভ
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট
মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫-এর বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়