প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের রাজধানীর মোহাম্মদপুরের বাসার সামনে বিক্ষোভ হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ইকবাল রোড এলাকায় এ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল বিক্ষুব্ধ মানুষ রাশেদ প্রধানের বাসার সামনে জড়ো হয়ে জুতা নিক্ষেপ ও স্লোগান দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও একই দৃশ্য দেখা গেছে।
এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। জাগপার যুব সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি নন্দী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উসকানিমূলক আচরণ করেন বলে জানায় পুলিশ। একপর্যায়ে ইব্রাহিম নামে এক যুবককে ইট দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত জনতা জনি নন্দীকেও মারধর করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, “বিক্ষোভ শেষে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন একজন। তখন জনি নন্দী এসে উত্তেজনা সৃষ্টি করলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন রাশেদ প্রধান। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এনএনবাংলা/


আরও পড়ুন
দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ
রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা নেই, রাজনীতি ছাড়তে চান ফখরুল
এক বছরে সমুদ্রে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা: ইউএনএইচসিআর