শুটিং সেটে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তরুণ অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন অথৈ। তবে অভিযোগ অস্বীকার করে তিশা দাবি করেন, পুরো বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
‘শুটিং সেটে তানজিন তিশা কেন আমাকে মারল? এর সঠিক বিচার চাই। সম্মান সবার প্রাপ্য’—শিরোনামে লাইভে এসে সামিয়া অথৈ বলেন, তিনি বর্তমানে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জে অবস্থান করছেন। ওই নাটকে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন তানজিন তিশা, শহিদুজ্জামান সেলিম ও মীর রাব্বীসহ অনেকে।
অভিযোগ করে অথৈ বলেন, ‘গতকাল আমি মানিকগঞ্জে আসি। এসময় তানজিন তিশা আপুর জন্য আমি একটি উপহার নিয়ে গিয়েছিলাম। কারণ তিনি আমার সিনিয়র এবং সম্প্রতি একটি বড় সিনেমায় কাজ করছেন। কিন্তু তিনি উপহারটি গ্রহণ করেননি। পরে শুটিংয়ের প্রথম দৃশ্যেই তিনি আমাকে মারধর করেন। এতে আমার হাতে কিছুটা জখম হয়।’
আজকের ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘নাটকের চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যে তানজিন তিশাকে চড় মারার কথা ছিল আমার। আমি আলতোভাবে থাপ্পড় দিচ্ছিলাম। কিন্তু এতেই তিনি ক্ষেপে গিয়ে উল্টো আমাকে মারেন। সেটে উপস্থিত অনেকেই বিষয়টি দেখেছেন।’
এছাড়া দুই বছর আগের একটি ব্যক্তিগত বিরোধের প্রসঙ্গ টেনে অথৈ দাবি করেন, এক নায়কের সঙ্গে অভিনয়কে কেন্দ্র করে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়েছিল, যদিও পরে তা মিটে যায়। তাঁর ভাষ্য, ‘আজ যে আচরণ তিনি করেছেন, তা একজন সিনিয়র শিল্পীর কাছে অশোভন।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা বলেন, ‘নাটকের স্ক্রিপ্ট অনুসরণ না করে সামিয়া অথৈ আগে আমাকে আঘাত করেছে। তখন মাথা ঠিক রাখতে পারিনি, আমিও তাকে আঘাত করি।’
তিনি আরও বলেন, ‘ফাইনাল শুটিংয়ের আগে আমরা রিহার্সেল করেছি, তখন কোনো সমস্যা হয়নি। যদি পূর্ব শত্রুতা থাকত, তাহলে আমি তার সঙ্গে কাজই করতাম না। অথৈ যা বলছে, তার বেশির ভাগই বানানো।’
এনএনবাংলা/


আরও পড়ুন
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি
কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
ইরান হামলা ইস্যুতে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতি দেখে ‘দুঃখিত’: ট্রাম্প