Saturday, April 18th, 2026, 3:28 pm

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

 

আগামী ২ জুলাই থেকে ২০২৬ সালের এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও সমমানের পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সূচি অনুযায়ী এই পরীক্ষা টানা পাঁচ সপ্তাহ ধরে চলবে।

শনিবার (১৮ এপ্রিল) সচিবালয়ে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় এইচএসসি পরীক্ষা পেছানো এবং সম্ভাব্য পরীক্ষার রুটিন কেমন হবে—এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মতামত ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, সাত বছর পর এবার এইচএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিকে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা সেপ্টেম্বর পর্যন্ত পূর্ণ দুই বছর সময় চেয়েছিল।

সব দিক বিবেচনা করে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ২ জুলাই থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়। এর আগে শিক্ষা বোর্ডগুলো চলতি বছরের ৭ জুন থেকে পরীক্ষা শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল।

এনএনবাংলা/পিএইচ