মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। মানবিক দিক বিবেচনায় ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি এই এয়ারলাইনটি। বুধবার (৪ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবে।
দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকাল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবে। পরে দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে উড়াল দেবে ফ্লাইটটি।
এয়ারলাইনটি জানিয়েছে, ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট দুটি পরিচালনা করা হবে। ঢাকা–দুবাই রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪১ এবং দুবাই–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৪২।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট অথরিটি ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস এবং এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে ইউএস-বাংলা।
টিকিট সংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিস্তারিত জানতে হটলাইন ১৩৬০৫ এবং মোবাইল নম্বর ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬-এ যোগাযোগ করা যাবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল ১৫–২০ টাকা, রাত ১২টা থেকে কার্যকর
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী