বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুটি বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমত, চাঁদাবাজদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে এবং সেই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, অস্ত্রধারী সন্ত্রাসী, দাগি আসামি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একটি স্বচ্ছ ও নির্মোহ তালিকা প্রণয়ন করা হচ্ছে, যাতে করে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই কার্যক্রম ঢাকাকে কেন্দ্র করে শুরু হলেও পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তৃত করা হবে। সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী ও দাগি আসামিদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সবকিছু আইনের বিধান অনুযায়ী পরিচালিত হবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, জনগণকে আশ্বস্ত করতে চাই—দেশের শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
খামেনির উত্তরসূরি নির্বাচিত হলেই তাকে ‘লক্ষ্যবস্তু’ করা হবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ইরানের হামলা
পাঁচ দিনে শাহজালালে ১৭৩ ফ্লাইট বাতিল