Saturday, March 14th, 2026, 3:12 pm

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

 

তদবিরের সংস্কৃতি পরিহার করে সবক্ষেত্রে মেধার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অনেকেই সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন তদবির নিয়েই ব্যস্ত থাকেন, বিশেষ করে পোস্টিংসহ নানা বিষয় নিয়ে। তবে প্রয়োজনীয় কাজ অবশ্যই করতে হবে, কিন্তু যদি এসব তদবিরকেই প্রধান গুরুত্ব দেওয়া হয়, তাহলে তা সমস্যার সৃষ্টি করবে।

শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশের অনেক তরুণ শুধু চাকরির পেছনে ঘুরে বেড়াচ্ছে। এভাবে চাকরি পাওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য বিনিয়োগ, ছোট ছোট উদ্যোগ গ্রহণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও জেলার উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

সমিতির নামে বিভক্তি সৃষ্টি হওয়ার বিষয়েও সমালোচনা করেন তিনি এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ