Tuesday, April 7th, 2026, 8:18 pm

পয়লা বৈশাখে আসছে সাফা-পার্থর ‘চা গরম’

 

পয়লা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘চা গরম’। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি, এ কে আজাদ সেতু সহ আরও অনেকে।

চা-বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার এবং তাদের জীবনমানের বাস্তব চিত্র তুলে ধরতে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত । গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান, বাংলাদেশের নাটক-সিনেমায় চা-বাগানকে বরাবরই একটি ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি সেই ধারা ভাঙতে চেয়েছেন। তার ভাষায়, শুধু সৌন্দর্য নয়, চা-বাগানের ভেতরের বাস্তব জীবন এবং শ্রমিকদের সংগ্রামকে সামনে আনার চেষ্টা করা হয়েছে এই কাজে।

ওয়েব ফিল্মটির বাস্তবতা ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় চা-বাগানে অবস্থান করেছেন নির্মাতা। সেখানে থেকে সংগ্রহ করা নানা অজানা তথ্যও ‘চা গরম’-এ তুলে ধরা হয়েছে।

অভিনেত্রী সাফা কবির বলেন, পরিচালক শঙ্খ দাশগুপ্তর কাজের প্রতি আগ্রহ এবং গল্পের শক্তিশালী দিক তাকে এই প্রজেক্টে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। তার মতে, এই গল্প আমাদের সমাজের এমন এক বাস্তবতা তুলে ধরে, যা খুব কাছেই থাকলেও অনেক সময় চোখে পড়ে না।

অন্যদিকে পার্থ শেখ জানান, নির্মাতার সঙ্গে এটি তার প্রথম কাজ। গল্প ও চরিত্র শুনে তিনি কাজটি করতে আগ্রহী হন, কারণ এ ধরনের কাজ খুব কম হয়েছে এবং এটি তার জন্য একটি ভালো সুযোগ।

অভিনেত্রী সারাহ জাবিন অদিতি বলেন, গল্পে চা-বাগানের জীবনের কঠিন বাস্তবতাগুলো খুব স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে, যা তার কাছে বিশেষভাবে ভালো লেগেছে।

এনএনবাংলা/