২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় তাকে নতুন করে আসামি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
তিনি জানান, তদন্ত সংস্থার অনুসন্ধানে শাপলা চত্বরের ঘটনায় আল-মামুনের সম্পৃক্ততা পাওয়া গেছে, যা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে “জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধ” মামলায় সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা, নারীনীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবিকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে লাখো কওমি আলেম-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
পরে ওই সমাবেশকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শাপলা চত্বর থেকে সমাবেশকারীদের সরিয়ে দেয়।
এনএনবাংলা/


আরও পড়ুন
ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সীর কণ্ঠে লাকী আখান্দের গান
দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ