রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে এ আদেশ দেন।
দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলাটির শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারক ব্যস্ত থাকায় শুনানি গ্রহণ সম্ভব হয়নি। ফলে আদালত আগামী ৬ মে নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ৮ এপ্রিল এ মামলায় আসামিদের আদালতে হাজির করতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। গেজেট প্রকাশিত হওয়ার পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলার পরবর্তী কার্যক্রম, অর্থাৎ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন। একই সঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। তবে আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, অবৈধ সুবিধা গ্রহণের মাধ্যমে ঢাকার গুলশান এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন আসামিরা। অভিযোগ অনুযায়ী, তারা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এলাকার ফ্ল্যাটটি নিজেদের দখলে নেন।
উক্ত ফ্ল্যাটটির ঠিকানা হলো— ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫ এ ও ৫ বি (পুরোনো), বর্তমানে ১১৩, ১১ বি (নতুন), রোড নং ৭১, গুলশান-২।
এ ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পরবর্তীতে, গত বছরের জুলাই মাসে আসামি শাহ মো. খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে বিষয়টি চেম্বার আদালতে উঠলে দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।
তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী