Thursday, April 16th, 2026, 4:52 pm

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় বেসরকারি কে আই হাসপাতা‌লে ভুল চিকিৎসায় এক নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে বিলকিস বেগম নামে এক নারী শরীরে ফোঁড়া নিয়ে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরিবারের সদস্যরা বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে স্বজনরা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। এতে চিকিৎসকের চেম্বার, রিসিপশনসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, রোগীর মৃত্যুর অভিযোগ এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।