ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা আটজন আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির উদ্ধারকারী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ ও হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা (বাসারনাস)-এর প্রধান মোহাম্মদ শাফি জানান, এয়ারবাস এইচ-১৩০ মডেলের হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির লেজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি ঘন বনজঙ্গল ও খাড়া পাহাড়ে ঘেরা একটি দুর্গম এলাকা।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে নেই।
হেলিকপ্টারটি ম্যাথিউ এয়ার নুসান্তারার মালিকানাধীন এবং এটি ইন্দোনেশিয়ার একটি পাম অয়েল কোম্পানি চিত্রা মাহকোটার বাগানে কর্মরত ছিল।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত একটি উদ্ধারকারী দল স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
এনএনবাংলা/


আরও পড়ুন
হরমুজে বহুজাতিক বাহিনী পাঠাতে ইউরোপের তোড়জোড়, ফ্রান্সে জরুরি বৈঠক
হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্তের ঘোষণা দিল ইরান
ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল