Saturday, April 18th, 2026, 5:05 pm

‘বাংলার জয়যাত্রা’র বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

 

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে ‘বাংলার জয়যাত্রা’ নামের বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ও এর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২৮তম ব্যাচের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী আরও জানান, জাহাজটিতে থাকা ৩১ জন বাংলাদেশি ক্রুর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দ্রুত এ সমস্যার সমাধান হবে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো বড় সিদ্ধান্তে দেশের স্বার্থই সর্বাগ্রে বিবেচনা করা হবে। বন্দরের আয় বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়টি যাচাই-বাছাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং পেট্রলপাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক আছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। ইতোমধ্যে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, মেরিটাইম খাতে প্রশিক্ষিত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে। তিনি আরও বলেন, শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয়, বরং শারীরিক ও মানসিক বিকাশেরও মাধ্যম। প্রশিক্ষণার্থীরা শুধু ব্যক্তি নন, তারা জাতির সম্পদ।

তিনি আশা প্রকাশ করেন, এসব প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে বাংলাদেশের পরিচয়, সক্ষমতা ও আধুনিকতা তুলে ধরবে।

অনুষ্ঠানে মেরিটাইম সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে কুচকাওয়াজ পরিদর্শন করেন।

এদিকে, এর আগের দিন শুক্রবার বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করতে গিয়ে ব্যর্থ হয়। ইরানের নৌবাহিনী জাহাজটিকে প্রণালি থেকে ফিরিয়ে দেয় বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় জাহাজটি হরমুজ অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করতে নির্দেশ দেয় এবং ফিরে যেতে বলে। ফলে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি পুনরায় ফেরত আসে।

এনএনবাংলা/পিএইচ