Monday, April 20th, 2026, 3:49 pm

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেবে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘এখন পর্যন্ত (সংবাদ সম্মেলন চলাকালে) পরবর্তী দফার আলোচনার বিষয়ে আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, তারা কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে আন্তরিক নয়। আলোচনার প্রস্তুতির কথা বলা হলেও, যুক্তরাষ্ট্রের বিভিন্ন আচরণ তাদের কূটনৈতিক উদ্যোগের প্রতি প্রকৃত সদিচ্ছা প্রকাশ করে না বলেও মন্তব্য করেন তিনি।

কার্গো জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে বাঘাই আরও বলেন, সোমবার ভোরে সংঘটিত ওই হামলা, বিভিন্ন বন্দরে নৌ-অবরোধ এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করতে বিলম্ব—এসব ঘটনাই যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘনের উদাহরণ।

এনএনবাংলা/পিএইচ