নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটের দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
গত শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ২২ রানে হেরে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখায়।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড। তবে শুরু থেকেই নাহিদ রানার গতির সামনে পড়তে হয় কিউই ব্যাটারদের। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি। বাকি ব্যাটসম্যানরা তেমন প্রতিরোধ গড়তে পারেননি।
বাংলাদেশের হয়ে ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। আরেক পেসার শরিফুল ইসলাম ১০ ওভারে ৩২ রান খরচ করে নেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
১৯৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যেই ২ উইকেট হারায় টাইগাররা। ৮ রান করে আউট হন ওপেনার সাইফ হাসান ও তিন নম্বরে নামা সৌম্য সরকার।
এরপর ইনিংসের হাল ধরেন তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা ১১০ বলে গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি।
ওপেনিংয়ে নামা তানজিদ হাসান তামিম দলীয় ১৪১ রানে আউট হওয়ার আগে খেলেন ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৭৬ রানের দারুণ ইনিংস, যা ছিল দলের পক্ষে সর্বোচ্চ।
তানজিদ আউট হওয়ার পর উইকেটে এসে দ্রুতই ফিরে যান উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে তিনি ১১ বলে মাত্র ৭ রান করেন।
অন্যদিকে ৭১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করার পর আঙুলে ব্যথা পেলে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত।
এরপর অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে তাওহীদ হৃদয় ৮৭ বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তাওহীদ হৃদয় ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন এবং মিরাজ ২৫ বলে করেন ৮ রান।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না
জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: রিজভী
দুর্নীতি করলে ২৪ ঘণ্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী