Monday, April 20th, 2026, 6:10 pm

ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

ছবি: রয়টার্স

 

যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত পুনর্গঠন করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, বর্তমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ পুনর্গঠনের গতি যুদ্ধ শুরুর আগের সময়কেও ছাড়িয়ে গেছে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্গঠন কার্যক্রমের ফুটেজ তুলে ধরে তিনি এ তথ্য জানান।

জেনারেল মুসাভি বলেন, “যুদ্ধবিরতির এই সময় আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা (লঞ্চ প্ল্যাটফর্ম) হালনাগাদ এবং পুনরায় পূর্ণ করার কাজ আগের তুলনায় অনেক দ্রুতগতিতে এগোচ্ছে।”

তিনি আরও বলেন, তাদের কাছে এমন তথ্য রয়েছে যে শত্রুপক্ষ নিজেদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে ব্যর্থ হচ্ছে। বরং তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধাপে ধাপে গোলাবারুদ সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, “তারা যুদ্ধের এই পর্যায়েও হেরে গেছে। তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারিয়েছে এবং লেবাননসহ এই অঞ্চলেও তাদের পরাজয় হয়েছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান যুদ্ধবিরতির সময়কালকে আইআরজিসি তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক প্রস্তুতি জোরদারের জন্য পূর্ণমাত্রায় ব্যবহার করছে।

এনএনবাংলা/পিএইচ