পর্যাপ্ত জ্বালানি সরবরাহ বজায় রাখা এবং জনগণের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়েই জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের দাবির প্রেক্ষাপট এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনা এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের উচ্চমূল্যের প্রভাব বিবেচনায় রেখে সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, সরকার মূলত জ্বালানির দাম বাড়াতে আগ্রহী ছিল না। পরিস্থিতির চাপে বাধ্য না হওয়া পর্যন্ত সরকার মূল্য নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে বলেও জানান তিনি।
সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান এবং অতীতে গুম হওয়া অন্যান্য নেতাদের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, গুমের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর আওতার বাইরে নয়। তবে কেন তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না—সে প্রশ্নও তোলেন তিনি। তার মতে, সংশ্লিষ্টদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে নিখোঁজ নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।
বর্তমান অন্তর্বর্তী সরকারের জারি করা ‘গুম অধ্যাদেশ’ নিয়েও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, এই অধ্যাদেশে বেশ কিছু দুর্বলতা ও ফাঁকফোকর রয়েছে, যা সংশোধন করা প্রয়োজন। তিনি আরও বলেন, এমন একটি শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়ন করা উচিত, যা মানবতার পক্ষে কাজ করবে এবং ভবিষ্যতে গুমের মতো নির্মম ঘটনা ঘটাতে কেউ সাহস পাবে না।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে ইলিয়াস আলীর দ্রুত সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
কেউ খাচ্ছে না প্রজেক্ট হিলশায়
যারা সংস্কার সংস্কার করে তারা কিন্তু নারীর স্বাধীনতা নিয়ে কথা বলে না
নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ