প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশীয় পণ্য কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দেশব্যাপী পর্যায়ক্রমে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে সারাদেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম মাসেই প্রায় এক লাখের বেশি শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মাহদী আমিন আরও জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জুলাই মাস থেকে প্রতি উপজেলায় দুটি বিদ্যালয় দিয়ে শুরু করে ধাপে ধাপে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির সব শিক্ষার্থীর কাছে পাটের তৈরি ব্যাগ ও নির্ধারিত স্কুল ড্রেস পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা এবং ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে আনা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, তৃণমূল থেকে শুরু করে সারাদেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত ধাপে ধাপে একই ধরনের পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্য সর্বত্র ছড়িয়ে দেওয়ার দীর্ঘদিনের ভিশন বাস্তবায়ন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব পণ্যের প্রতি আগ্রহ তৈরি হবে। এর মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পাটজাত পণ্য ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এবং পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা
হরমুজে পণ্যবাহী দুই জাহাজে গুলি করেছে আইআরজিসি
হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর, শনাক্ত ১২৯