হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার— এমন তথ্য নিশ্চিত করেছে সিএনএন, সরকারি সূত্রের বরাত দিয়ে। সন্দেহভাজনের নাম কোল টোমাস অ্যালেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছর বয়সী অ্যালেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে এই হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জেফরি ডব্লিউ. ক্যারল জানান, অ্যালেন অতিথি হিসেবে হোটেলের একটি কক্ষে অবস্থান করছিলেন। তদন্তের স্বার্থে তার কক্ষটি ইতোমধ্যে সিল করে দেওয়া হয়েছে।
নৈশভোজ শেষে অনুষ্ঠিত হওয়া অন্যান্য অনুষ্ঠানের নিরাপত্তায় কোনো পরিবর্তন আনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অন্য কেউ তাৎক্ষণিক বিপদের মধ্যে রয়েছে— এমন কোনো কারণ তারা দেখছেন না। তবে ‘আফটার-পার্টি’সহ বাইরের অনুষ্ঠানের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সন্দেহভাজনের নাম ও ছবির সঙ্গে মিল পাওয়া একটি লিঙ্কডইন প্রোফাইলে দেখা যায়, তিনি পরীক্ষার প্রস্তুতি ও টিউশনি প্রদানকারী প্রতিষ্ঠান সি২ এডুকেশনে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন। কোম্পানির সামাজিকমাধ্যমের একটি পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে অ্যালেনকে ‘টিচার অব দ্য মান্থ’ বা মাসের সেরা শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় সি২-এর একটি ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেয়নি।
লিঙ্কডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিনগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
এছাড়া ফেডারেল ইলেকশন কমিশনের নথি থেকে জানা যায়, ২০২৪ সালের অক্টোবরে অ্যালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমালা হ্যারিসের প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।
এনএনবাংলা/পিএইচ


আরও পড়ুন
বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকারীদের বিচার হবে, প্রত্যাশা বাংলাদেশের
নানক-তাপসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ, আদেশ ৭ মে
কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৫