Sunday, January 15th, 2023, 7:31 pm

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: স্মৃতিকে জামিন দিলেন আপিল বিভাগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী মহিলা দলনেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

রবিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

পরে আইনজীবী কায়সার কামাল বলেন, আপিল বিভাগ রাজবাড়ীর স্মৃতির হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন। তার জামিনের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে স্মৃতির মুক্তিতে বাধা নেই।

গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে স্মৃতির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারিক আদালত। রাজবাড়ীর ১নং আমলি আদালতের বিচারক ‌সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা এ আদেশ দেন।

গত বছরের ৩১ অক্টোবর স্মৃতিকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের আবেদন শুনে গত ২ নভেম্বর স্মৃতিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেয়া হয়। সে অনুযায়ী আজ এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হয়।

গত বছরের ৪ অক্টোবর মধ্যরাতে শহরের ৩নং বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বামীর নাম মো. খোকন মিয়া। তিনি প্রবাসী। সোনিয়া আক্তার স্মৃতি শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় বসবাস করেন।

—-ইউএনবি