ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২৯৯টি আসনে। এর মধ্যে ২৯৭টি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। তবে তিনটি আসনের চূড়ান্ত ফলাফল স্থগিত রাখা হয়েছে। বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইসির তিনটি আলাদা চিঠি জারি করা হয়। স্থগিত রাখা আসনগুলো হলো—চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৪ ও শেরপুর-২।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
শেরপুর-২ আসন সংক্রান্ত ইসির চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ (লিভ টু আপিল)-এর পরিপ্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি দেওয়া আদেশ অনুযায়ী প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে আপিল বিভাগের চূড়ান্ত আদেশের ওপর তাঁর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল থাকবে।
এরই মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে উচ্চ আদালতে দায়ের করা রিটের নিষ্পত্তির পর।
চট্টগ্রাম-২: সরোয়ার আলমগীরের ফল প্রকাশ স্থগিত
চট্টগ্রাম-২ আসনের বিষয়ে ইসির চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ-এর ৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় তা স্থগিত রাখা হয়েছে।
বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-৪: আসলাম চৌধুরীর ফলাফলও স্থগিত
একই কারণে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর চূড়ান্ত ফলাফলও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
যদিও ঘোষিত বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের ফল প্রকাশ করা হয়েছে, তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনে পরবর্তীতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফাঁসির সেল থেকে সংসদে
পাবনা-৩ ও ৪ আসনে ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস