February 13, 2026
Friday, February 13th, 2026, 9:28 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ফাঁসির সেল থেকে সংসদে

 

দীর্ঘদিন কারাগারের ফাঁসির সেলে কাটানোর পর সেখান থেকে ফিরে জাতীয় সংসদে যাচ্ছেন তিন নেতা। তারা হলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বিপুল ভোটে জয়ী হয়েছেন।

পৃথক মামলায় তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে কারাবন্দি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আদালতে আবেদন করে খালাস পান এসব নেতা।

লুৎফুজ্জামান বাবর: নেত্রকোনা-৪ আসনে বড় ব্যবধানে জয়

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসনে বিএনপির প্রার্থী মো. লুৎফুজ্জামান বাবর বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ২০ হাজার ৯৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

লুৎফুজ্জামানের গ্রামের বাড়ি মদন উপজেলার বাড়িবাদেরা এলাকায়। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আবদুস সালাম পিন্টু: টাঙ্গাইল-২-এ সর্বোচ্চ ভোটের রেকর্ড

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু নির্বাচিত হয়েছেন। জেলার আটটি আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট।

এটিএম আজহারুল ইসলাম: রংপুর-২ আসনে জামায়াতের জয়

রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আসনটির ১৩৭টি কেন্দ্রে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে মোট ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়েছেন।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৯১০ ভোট।

এনএনবাংলা/