February 21, 2026
Saturday, February 21st, 2026, 1:26 pm

মাতৃভাষা দিবসে বাংলায় শুভেচ্ছা মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে বাংলা ভাষায় কথা বলে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ‘মার্কিন দূতাবাস, ঢাকা’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই বিশেষ শুভেচ্ছা জানান।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “সবাইকে জানাই মহান একুশের শুভেচ্ছা। গভীর শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষা আমাদের সংস্কৃতির পরিচয়।” তিনি আরও উল্লেখ করেন, একুশে ফেব্রুয়ারি মানুষকে নিজের ভাষায় কথা বলতে এবং নিজস্ব ইতিহাস স্মরণ রাখতে শেখায়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিশেষ দিনে বাংলাদেশের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করা হচ্ছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আজ রাজধানীসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের চিফ হুইপ, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানগণ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিদেশি কূটনীতিকসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বসাধারণের ঢল শহীদ মিনারে

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে এবং হাতে ফুল নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে ধীর পায়ে শহীদ মিনারে উপস্থিত হন।

এখনও বিভিন্ন শ্রেণি-পেশা ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ চলছে।

এনএনবাংলা/