চলচ্চিত্র অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক গ্রহণ করেছেন বরেণ্য অভিনেত্রী ফরিদা আখতার ববিতা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মাননা তুলে দেন। প্রথমেই মঞ্চে উঠে পদক নেন ববিতা।
সংস্কৃতি ও সংগীতে অবদানের জন্য একুশে পদক পেয়েছে ব্যান্ডদল ওয়ারফেজ। পালা গানে সম্মাননা পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার এবং নৃত্যকলায় পুরস্কৃত হয়েছেন অর্থী আহমেদ। সংগীতে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়েছে কিংবদন্তি রকশিল্পী আইয়ুব বাচ্চুকে; তার পক্ষে পদক গ্রহণ করেন স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি একুশে পদকের জন্য ববিতার নাম ঘোষণা করেন। কর্মজীবনে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘আলোর মিছিল’, ‘আবার তোরা মানুষ হ’—চলচ্চিত্রগুলোতে তার অভিনয় দর্শকমনে গভীর ছাপ ফেলেছে। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ‘অশনি সংকেত’-এর প্রধান অভিনেত্রী হিসেবেও তিনি সমাদৃত।
ববিতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারবার শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন এবং দেশ-বিদেশে ৭০টির বেশি পুরস্কারে ভূষিত হয়েছেন। পদক গ্রহণ শেষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এর আগে প্রতিক্রিয়ায় ববিতা বলেন, “কৃতজ্ঞতা জানাই আমার অসংখ্য শুভানুধ্যায়ী এবং সিনেমার দর্শকদের। তাদের ভালোবাসা ছাড়া আমি ববিতা হয়ে উঠতে পারতাম না।”
আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবি সামাজিক মাধ্যমে জানায়, “এই রাষ্ট্রীয় সম্মান তার আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধা। বাংলা রকের পথচলায় তিনি যে সাহস, সততা ও নতুনত্ব দেখিয়েছেন, তা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।”
ব্যান্ড সংগীতে প্রথম কোনো দল হিসেবে একুশে পদক পাওয়ার গৌরব অর্জন করেছে ওয়ারফেজ। দলের প্রধান শেখ মনিরুল আলম পদক গ্রহণ করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ ওয়ারফেজের জন্য এক গর্বিত ও ঐতিহাসিক মুহূর্ত। এই সম্মান শুধু ব্যান্ডের নয়; দীর্ঘ যাত্রায় পাশে থাকা প্রতিটি শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীর।”
এ বছর একুশে পদকপ্রাপ্তদের প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা এবং সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আবু নেওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি সচিব মফিদুর রহমানসহ মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্টজনরা। অনুষ্ঠান পরিচালনা করেন নাসিমুল গণি।
এনএনবাংলা/


আরও পড়ুন
আল-জাজিরার বিশ্লেষণ: সংসদে ৬ আসন পাওয়া এনসিপির পরবর্তী লক্ষ্য কী?
এভাবে গভর্নরের বিদায় ঠিক হল কিনা? অর্থমন্ত্রী বললেন, ‘কিছুই বলার নেই’
সাকিব মানুষ মারতে পারে না, হত্যা মামলাটি খতিয়ে দেখা উচিত: পাইলট