বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যে গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরের বিদায় ‘ঠিক’ হয়েছে কিনা—এ প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “কিছুই বলার নাই” এবং “নো কমেন্টস”।
নানামুখী আলোচনার মধ্যে দায়িত্ব পাওয়া নতুন গভর্নর মোস্তাকুর রহমান বৃহস্পতিবার বিকালে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে অর্থমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা জানতে চান, বৈঠকে কী আলোচনা হয়েছে। তবে কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান নতুন গভর্নর।
পরে অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, যেভাবে গভর্নর আহসান এইচ মনসুরের বিদায় হয়েছে, সেটি প্রয়োজন ছিল কি না। উত্তরে তিনি বলেন, “কিছু বলার নাই।” একই প্রশ্নে আবারও তার জবাব, “কিছুই বলার নাই।” নতুন গভর্নরের সঙ্গে প্রথম দিনের আলোচনার বিষয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। এরপর লিফটে উঠে মন্ত্রণালয় ত্যাগ করেন অর্থমন্ত্রী।
বিক্ষোভের মধ্যে দায়িত্ব ছাড়েন আহসান এইচ মনসুর
নতুন গভর্নর নিয়োগের গুঞ্জনের মধ্যে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংক ছাড়েন গভর্নর আহসান এইচ মনসুর। যাওয়ার আগে তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়। কর্মকর্তাদের তোপের মুখে তার এক উপদেষ্টাকেও অফিস ছাড়তে হয়।
পরে বিকালে ব্যবসায়ী ও হিসাববিদ মোস্তাকুর রহমানকে গভর্নরের দায়িত্ব দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। এর আগে অধিকাংশ ক্ষেত্রে সাবেক আমলা বা ব্যাংকারদের মধ্য থেকে গভর্নর নিয়োগ দেওয়া হলেও এবারই প্রথম একজন ব্যবসায়ীকে এই পদে বসানো হলো।
নতুন গভর্নর মোস্তাকুর রহমানের প্রেক্ষাপট
হেরা সোয়েটার্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোস্তাকুর রহমান একসময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ ও আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন তিনি। তিন দশকের বেশি সময় ধরে করপোরেট ফিন্যান্স, রপ্তানি, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনায় কাজ করছেন।
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
মনসুরের নিয়োগ ও অপসারণ
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে ব্যাংক খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়।
দেড় বছরের মাথায় অবশিষ্ট মেয়াদ বাতিল করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে বুধবার আলাদা প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এনএনবাংলা/


আরও পড়ুন
আল-জাজিরার বিশ্লেষণ: সংসদে ৬ আসন পাওয়া এনসিপির পরবর্তী লক্ষ্য কী?
একুশে পদক নিলেন ববিতা, আইয়ুব বাচ্চুর স্ত্রী, জানালেন কৃতজ্ঞতা
সাকিব মানুষ মারতে পারে না, হত্যা মামলাটি খতিয়ে দেখা উচিত: পাইলট